সেলিনা হায়াৎ আইভী | ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের করা ১০টি মামলায় তার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ (রোববার) হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেন দেশের সর্বোচ্চ আদালত।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে সাতটি মামলার এজাহারে তার নাম ছিল না।
এদিকে, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত এখনো শেষ হয়নি বলে জানা গেছে।
সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হন তিনি।