ছবি: সংগৃহীত
রাজধানীর লালবাগ থানায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-এর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার এ আদেশ দেন আদালত।
এদিন শুনানি চলাকালে এজলাসে হট্টগোল সৃষ্টি করেন শিরীন শারমিনের পক্ষের আইনজীবীরা।
এদিকে রিমান্ড আবেদনে তিনি গুলি করেছেন কিনা এবং তার সংশ্লিষ্টতা আছে কিনা—এমন কোনো অভিযোগ নেই বলেও দাবি করেন আসামিপক্ষের আইনজীবীরা।
এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে রিমান্ড ও জামিন সংক্রান্ত শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে তাকে আটক করা হয়। আটকের পর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন ড. শিরীন শারমিন চৌধুরী এবং এরপর টানা এ দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকেই পুনরায় স্পিকার নির্বাচিত করা হয়।
তিনি রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য ছিলেন। তবে ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি পদত্যাগ করেন।