মার্চ ২৯, ২০২৬, ১২:২৪ পিএম
মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ শাসনামলে গুমের অভিযোগে দায়ের করা মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদ এবং জুলাই হত্যাযজ্ঞ সংক্রান্ত মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে আগামী ৭ এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ রোববার তদন্ত সংস্থার পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
এর আগে, বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে এক-এগারো সময়ের আলোচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, সোমবার (২৩ মার্চ) রাতে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর মাসুদ উদ্দিন চৌধুরীকে রাজধানীর পল্টন থানার মানব পাচার মামলায় এবং মামুন খালেদকে গণঅভ্যুত্থানের সময় মিরপুরে দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বর্তমানে দুজনকেই পৃথকভাবে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।