ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৫:৪০ পিএম
গণভোটের ফলাফলের কার্যকারিতা স্থগিত চেয়ে করা রিটের বিরুদ্ধে আদালতেই লড়াই করার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, গণভোটের ফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট মামলা আইনগতভাবেই মোকাবিলা করা হবে।
শিশির মনির জানান, গণভোটের ফলাফলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন আইনি পরীক্ষায় টিকবে না বলে তিনি মনে করেন। তাঁর ভাষায়, “এ রিট মামলা আদালতেই মোকাবিলা করা হবে।”
এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ফলাফল স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
রিটকারী আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ গণমাধ্যমকে জানান, গণভোটের আয়োজনের আইনগত ভিত্তি ও ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেটের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ করেই এই রিট করা হয়েছে। তিনি বলেন, একই সঙ্গে গেজেট বাতিলের আবেদনও জানানো হয়েছে।
আবেদনকারীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিচারপতি ফাতেমা নজীব–এর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে রিটটির শুনানি হতে পারে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে ‘জুলাই জাতীয় সনদ’-এর সংবিধান সংস্কার–সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নের প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়। সেই গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পায়। গণভোটের ফল প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনগত অঙ্গনে আলোচনা চলছে