শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২৬, ০২:১৩ পিএম

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

উত্তর ২৪ পরগনায় বিধানসভা নির্বাচনে বিজয়ী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৬ মে) রাতে পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামের দোহারিয়াতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একটি বাইক থেকে আসা দুষ্কৃতকারীরা চন্দ্রনাথ রথের গাড়িকে পিছু করে অন্তত চার রাউন্ড গুলি চালায়। গাড়ির কাঁচ ভেদ করে তিনটি গুলি তার শরীরে লাগে।

গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পর গাড়িটির ছবি সামনে এসেছে, যেখানে কাঁচে তিনটি বুলেটের দাগ স্পষ্টভাবে দেখা গেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীরা যে বাইকে ছিল তাতে কোনো নম্বর প্লেট ছিল না। ফলে দুষ্কৃতকারীদের শনাক্ত করা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তৃণমূল-বিজেপির মধ্যে উত্তেজনা বাড়াতে কোনো তৃতীয় শক্তির ভূমিকা থাকতে পারে বলেও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

চন্দ্রনাথ রথ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও বর্তমানে মধ্যমগ্রামেই থাকতেন। গত প্রায় পাঁচ বছর ধরে তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছিলেন।

রাজ্যে সরকার গঠনের শপথের আগে এই ধরনের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে রাজনৈতিক মহলে। ইতোমধ্যেই পুলিশ তদন্তে নেমে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে।

Link copied!