খুলনায় শীর্ষ সন্ত্রাসী বিসমিল্লাহ গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০২:০১ পিএম

খুলনায় শীর্ষ সন্ত্রাসী বিসমিল্লাহ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

খুলনার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বিসমিল্লাহ ওরফে বিসমিল্লাহ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর টুটপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বিসমিল্লাহ পশ্চিম টুটপাড়া এলাকার শেখ আতিয়ারের ছেলে এবং টুটপাড়া ২ নম্বর ক্রস রোড, কবি নজরুল সড়কের বাসিন্দা।

টুটপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুর রহমান জানান, রাতের দিকে কবি নজরুল ইসলাম রোড এলাকায় অবস্থান করছিল বিসমিল্লাহ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে দ্রুত ধাওয়া করে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বিসমিল্লাহ খুলনা থানার তালিকাভুক্ত ৩ নম্বর শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলনা ও নওগা জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদকসহ মোট ২০টি মামলা রয়েছে। ২০১৯ সালের একটি মাদক মামলায় এক বছরের কারাদণ্ডাদেশ থাকলেও দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। এছাড়া একটি মামলায় তার বিরুদ্ধে দুই বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাও ছিল।

এদিকে খুলনার লবণচরা থানার আলোচিত দরবেশ মোল্লা গলির ট্রিপল মার্ডার মামলায় গ্রেপ্তার হওয়া একাধিক আসামির আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে বিসমিল্লাহকে ওই তিন খুনের মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিসমিল্লাহ জিজ্ঞাসাবাদে ট্রিপল মার্ডার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং খুব শিগগিরই মামলার চার্জশিট দেওয়া হবে।

গ্রেপ্তারের পর তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!