লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ দুই যুবক আটক

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:৫৯ পিএম

লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ দুই যুবক আটক

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত মো. ইমরান ও মো. সজিব নামে দুই যুবককে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।


বুধবার রাতে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এবং নোয়াখালীর আলেয়াপুরের সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। 

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন আরমান হাবিব অপু বিষয়টি নিশ্চিত করেন।


আটক ইমরান চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে এবং সজিব নোয়াখালীর আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে বলে জানিয়েছে সেনাবাহিনী।


সেনাবাহিনীর তথ্যমতে, আটকদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ৪টি খালি কার্তুজ, ৪টি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, ২টি ককটেল, ১টি দেশীয় অস্ত্র এবং একটি বিপি উদ্ধার করা হয়। আটক ইমরান হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি বলেও জানানো হয়েছে।


উদ্ধারকৃত আলামতসহ আটক দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


উল্লেখ্য, ক্যাপ্টেন আরমান হাবিব অপু ও লেফটেন্যান্ট আবিদ করিম শাহরিয়ার-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি র‍্যাব ও পুলিশের টহল দল অংশ নেয়।

Link copied!