আগস্ট ৩১, ২০২৬, ০১:১৯ পিএম
বলিউড অভিনেতা এমরান হাশমি, ছবি: সংগৃহীত।
দীর্ঘ প্রতীক্ষার পর বড় পর্দায় ফিরে ‘আওয়ারাপন ২’ এর সাফল্য উদযাপনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেতা এমরান হাশমি। এইচ ওয়ান এন ওয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ায় বেঙ্গালুরুতে নির্ধারিত একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি তিনি। পরে অনুষ্ঠানটির নতুন তারিখও জানানো হয়েছে।
সম্প্রতি নতুন সিনেমার শুটিংয়ে রাঁচিতে গিয়েছিলেন এমরান। সেখান থেকে ফেরার পর জ্বর ও শারীরিক অস্বস্তি দেখা দেয় তার। শুক্রবার রক্ত পরীক্ষা করানোর পর চিকিৎসকেরা জানান, তিনি এইচ ওয়ান এন ওয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে বর্তমানে বিশ্রামে রয়েছেন এই অভিনেতা। পাশাপাশি অন্যদের সংস্পর্শ এড়িয়ে চলছেন তিনি।
অসুস্থতার কারণে বেঙ্গালুরুর অনুষ্ঠানটি নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এমরান অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেন। তবে অনুষ্ঠানটি বাতিল করা হয়নি। আগামী ১২ সেপ্টেম্বর, শনিবার নতুন করে অনুষ্ঠানটি আয়োজন করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এরই মধ্যে অনুষ্ঠানের টিকিট কিনেছেন, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন নেই। আগের টিকিটই নতুন তারিখে কার্যকর থাকবে।
এমরানের অসুস্থতার খবর এমন এক সময়ে এলো, যখন ‘আওয়ারাপন ২’ নিয়ে বেশ আলোচনায় রয়েছেন তিনি। ২০০৭ সালের জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপন’ এর দ্বিতীয় কিস্তিতে দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় দেখা গেছে তাকে। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি।
মুক্তির পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ার পাশাপাশি বক্স অফিসেও সাফল্য পেয়েছে ‘আওয়ারাপন ২’। এমরানের ক্যারিয়ারে দ্রুততম সময়ে ১০০ কোটি রুপি আয় করা একক সিনেমা হিসেবেও এটি নতুন রেকর্ড গড়েছে। সিনেমাটির সাফল্যের পর এর তৃতীয় কিস্তি নির্মাণের ঘোষণাও এসেছে।
এর মধ্যেই নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন এমরান। সুস্থ হয়ে শুটিংয়ে ফিরলে তাকে দেখা যাবে আদিত্য দত্ত পরিচালিত ‘গানমাস্টার জি নাইন’ এ। সিনেমাটিতে জেনেলিয়া ডি’সুজার বিপরীতে অভিনয় করছেন তিনি। অ্যাকশনধর্মী এই সিনেমায় ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। আগামী ২৭ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
তবে আপাতত শুটিং ও প্রচারণার ব্যস্ততা থেকে দূরে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামেই থাকতে হচ্ছে এমরানকে। তার দ্রুত সুস্থতার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।