হানিফ সংকেত | ছবি: সংগৃহীত
চলতি বছরের স্বাধীনতা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া-সহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে এই মর্যাদাপূর্ণ পদক দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি তথ্যটি নিশ্চিত করেছেন।
সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন নির্মাতা ও উপস্থাপক এ কে এম হানিফ, যিনি হানিফ সংকেত নামে পরিচিত, এবং সংগীতশিল্পী বশির আহমেদ (মরণোত্তর)।
হানিফ সংকেত তার পুরস্কার দর্শকদের উদ্দেশে উৎসর্গ করেছেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে “স্বাধীনতা পদক”-এ ভূষিত করেছেন। এই অর্জন আমার একার নয়—যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে, এই অর্জন তাদের সবার। আজকের এই আনন্দের দিনে আমি তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
দর্শকদের উদ্দেশে পুরস্কার উৎসর্গের প্রসঙ্গে হানিফ সংকেত লিখেছেন, ‘এই পুরস্কার আমি আমার লক্ষ-কোটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি।’
তিনি বলেন, যে কোনো পুরস্কার গ্রহণ মানে দায়িত্ব বাড়ানো এবং ভবিষ্যতের কাজে আরও অনুপ্রেরণা পাওয়া। ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, সুস্থ সংস্কৃতিই পারে একটি সমাজকে আলোকিত করতে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে। আমৃত্যু আমি সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করে যেতে চাই। অতীতেও আমি যেমন দায়িত্ব নিয়ে কাজ করেছি, ভবিষ্যতেও দায়িত্ব নিয়ে কাজ করে যাব। এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।’