‘ফ্রি প্যালেস্টাইন’ লিখতে না পারলে যুক্তরাষ্ট্রে যাব না: ওয়ারফেজের কমল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ০২:৩৯ পিএম

‘ফ্রি প্যালেস্টাইন’ লিখতে না পারলে যুক্তরাষ্ট্রে যাব না: ওয়ারফেজের কমল

ইব্রাহিম আহমেদ কমল। ছবি/ ফেসবুক থেকে নেওয়া।

বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ এর প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল জানিয়েছেন, মত প্রকাশের স্বাধীনতা সীমাবদ্ধ থাকলে তিনি যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী নন।
 

স্বাধীনতা দিবসে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যে দেশে যাওয়ার জন্য সামাজিক মাধ্যমে “ফ্রি প্যালেস্টাইন” লিখতে পারব না, সেখানে যাওয়ার দরকার নেই।’
 

তিনি জানান, ২০২৪ সালে ব্যান্ডটির যুক্তরাষ্ট্র সফরের সময় তার ভিসা আবেদন প্রত্যাখ্যাত হয়। তার মতে, ফিলিস্তিন ইস্যুতে সামাজিক মাধ্যমে অবস্থান নেওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
 

কমল আরও বলেন, অতীতে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে থাকলেও পরবর্তীতে এক দুর্ঘটনায় ছোটভাইকে হারিয়ে সেখান থেকে দেশে ফিরে আসেন এবং আর সেখানে যেতে আগ্রহী হননি।  তিনি লিখেন, "১৯৯৭, ১১ই আগস্ট এক আমেরিকান শ্বেতাঙ্গ মানুষের ভুলের কারণে আমার একমাত্র ছোটভাই আহমেদ ইসাক আব্দুল্লাহ কনক গাড়ি এক্সিডেন্ট করে মারা যায়। এতে আমাদের পরিবারটা ভেঙে পড়ে এবং আমি আব্বা-আম্মা কেউই এই বিপর্যয় থেকে উঠে দাঁড়াতে পারিনি। আমি ১৯৯৮ এ আমেরিকা থেকে চলে আসি পরিপূর্ণভাবে। এরপর আর যাইনি, যেতে চাই নাই।’ 

তিনি আরও যোগ করেন, ‘‘তবুও ২০২৪-এ ওয়ারফেজ’র ইউএসএ ট্যুরের জন্য ভিসার জন্য এপ্লাই করি। আমার ভিসা রিজেক্ট করে। এতে আমার কোন অনুশোচনা নেই। আমি যে আমেরিকা দেখে এসেছি ওই আমেরিকা আর নেই। এ ছাড়া আমার কাছে আমেরিকায় পড়াশোনা করতে যাওয়ার একটা জায়গা ছাড়া নতুন কিছুই নয়।’’

তিনি উল্লেখ করেন, সংগীতের মাধ্যমে সত্য কথা বলার পক্ষেই তিনি সবসময় অবস্থান নিয়েছেন এবং ভবিষ্যতেও সেই অবস্থানেই থাকবেন।


উল্লেখ্য, চলতি বছর দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পেয়েছে ব্যান্ড ওয়ারফেজ। আগামী গ্রীষ্মে তাদের যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা থাকলেও, কমলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Link copied!