সন্ধ্যা ৭ টায় শপিং মল বন্ধ হলেও খোলা থাকবে সিনেমা হল

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২, ২০২৬, ০৭:০৫ পিএম

সন্ধ্যা ৭ টায় শপিং মল বন্ধ হলেও খোলা থাকবে সিনেমা হল

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। ঈদ উপলক্ষে কেনাকাটার সুবিধার্থে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, নতুন আদেশের মাধ্যমে তা প্রত্যাহার করে আগের নির্দেশনা পুনর্বহাল করা হয়েছে।

তবে এই সিদ্ধান্তের আওতার বাইরে রাখা হয়েছে সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলোকে।

বিষয়টি নিশ্চিত করে মেসবাহ উদ্দিন আহমেদ, স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা, বলেন, ‘সন্ধ্যা ৭ টায় শপিং মল বন্ধ হলেও সিনেমা হল খোলা থাকবে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। ফলে স্টার সিনেপ্লেক্সসহ সকল মাল্টিপ্লেক্সের দর্শকদের ঈদের ছবি দেখতে কোন বাধা নেই।’

এদিকে আওলাদ হোসেন উজ্জ্বল, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি, জানান যে ঈদের আগেই তথ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছিল, যাতে শপিং মল বন্ধের সিদ্ধান্তের বাইরে সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলোকে রাখা হয়।

তিনি বলেন, ‘আমরা ঈদের আগেই তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম, যাতে শপিং মল বন্ধের এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকে সিনেমাহল ও সিনেপ্লেক্স। মন্ত্রণালয় আমাদের ফিরতি চিঠিতে বিষয়টি অনুমোদন করেছেন। ফলে যেসব সিনেমা হলের সাথে শপিং মল আছে সেসব নিয়ে দর্শকদের দুঃশ্চিন্তার কিছু নেই।’

ফলে ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র দেখতে দর্শকদের জন্য সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকছে না।

উল্লেখ্য, এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। এগুলো হলো ‘রকস্টার’, ‘রইদ’, ‘বনলতা সেন’, ‘মালিক’, ‘পিনিক’, ‘অফিসার’, ‘মাসুদ রানা’ এবং ‘তছনছ’।

Link copied!