ছবি: সংগৃহীত
মাত্র ১৬ বছর বয়সেই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মঞ্চে বিশ্ব বিনোদনের আলো নিজের দিকে টেনে নিলেন কিশোর অভিনেতা ওয়েন কুপার। জনপ্রিয় লিমিটেড সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে তিনি সেরা সহ-অভিনেতা (টেলিভিশন) বিভাগে পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন।
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ এই আয়োজনে সঞ্চালক নিকি গ্লেজারের উপস্থিতিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানেই টেলিভিশনের ইতিহাসে সর্বকনিষ্ঠ সহ-অভিনেতা হিসেবে পুরস্কার গ্রহণ করে নজির স্থাপন করেন এই জেন-জি তারকা।
তবে গোল্ডেন গ্লোবের সামগ্রিক ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ বিজয়ী। এর আগে ১৯৮০ সালে ‘দ্য চ্যাম্প’ সিনেমার জন্য মাত্র ৯ বছর বয়সে পুরস্কার জিতে রেকর্ড গড়েছিলেন অভিনেতা রিকি শ্রোডার। তবে সহ-অভিনেতা বিভাগে ওয়েন কুপারই এখন সর্বকনিষ্ঠ বিজয়ী।
পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত ওয়েন কুপার মঞ্চে দাঁড়িয়ে নিজের পথচলার কথা স্মরণ করেন। দর্শক ও বিচারকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এখানে দাঁড়িয়ে থাকাটা আমার কাছে এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে।
আমি ও আমার পরিবার এক দীর্ঘ ও রোমাঞ্চকর পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। যারা আমাদের এই যাত্রায় পাশে ছিলেন, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।’
নিজের অভিনয় জীবনের শুরুর দিকের একটি মজার অভিজ্ঞতার কথাও শোনান তিনি। ওয়েন বলেন, ‘স্কুলের ড্রামা ক্লাসে আমিই ছিলাম একমাত্র ছেলে। বিষয়টি তখন বেশ বিব্রতকর মনে হতো আমার কাছে।
কিন্তু আজ সেই সহকর্মীদের কাছ থেকেই আমি প্রতিনিয়ত শিখছি।’
নেটফ্লিক্সের আলোচিত লিমিটেড সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ ‘জেমি মিলার’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন ওয়েন কুপার। সিরিজটি কেবল তাকে গোল্ডেন গ্লোব এনে দেয়নি, বরং সেরা লিমিটেড সিরিজ হিসেবেও পুরস্কার জিতেছে। এর আগে একই চরিত্রে অভিনয়ের জন্য ৭৭তম এমি অ্যাওয়ার্ডসও অর্জন করেছিলেন তিনি।