স্ত্রীর আত্মহত্যা মামলার প্রধান আসামি জাহের আলভী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২৬, ০৭:৫৩ পিএম

স্ত্রীর আত্মহত্যা মামলার প্রধান আসামি জাহের আলভী

ছবি: সংগৃহীত

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় ঘটনাটি ঘটে। ঘটনার সময় অভিনেতা আলভী নেপালে শুটিংয়ে ছিলেন।

মিরপুর পল্লবী থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। ইকরার মৃত্যুর ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে পল্লবী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামি হিসেবে জাহের আলভীর নাম উল্লেখ করা হয়েছে। তবে মামলায় শুধু জাহের আলভী নন, তার পরিবারের আরও কয়েকজন সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জাহের আলভী স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, নেপালে শুটিং চলাকালে তিনি এ দুঃসংবাদ পান এবং মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের প্রতি বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে পরিবারটির প্রতি সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানান।

পারিবারিক সূত্র জানায়, ২০১০ সালের ৯ নভেম্বর আলভী ও ইকরা পালিয়ে বিয়ে করেন। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। 

পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও পরিস্থিতি জানতে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

 

Link copied!