ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১০:০২ পিএম
ছবি: মুশফিকুর রহিমের ফেসবুক পেজ থেকে নেওয়া।
পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে সৌদি আরবে আটকা পড়েছেন জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যে চলমান ইরান–ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে তাঁর ফ্লাইট গন্তব্যে যেতে না পেরে পুনরায় জেদ্দায় ফিরে আসে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেন মুশফিক। তিনি জানান, ওমরাহ শেষ করে জেদ্দা থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু আকাশপথে নিরাপত্তাজনিত কারণে সব ফ্লাইট মাঝপথ থেকে ঘুরিয়ে আবার সৌদি আরবে ফিরিয়ে আনা হয়।
ফেসবুক পোস্টে মুশফিক লেখেন, ওমরাহ সফলভাবে আদায় করার পর সকালে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে এমিরেটসের একটি ফ্লাইটে যাত্রা করেছিলেন তারা। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি বাতিল হয়ে পুনরায় জেদ্দায় অবতরণ করতে বাধ্য হয়। বর্তমানে তিনি হাজারো যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন।
দেশে ফেরার সময়সূচি নিয়ে অনিশ্চয়তার কথাও তুলে ধরেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
তিনি বলেন, কবে এবং কীভাবে ঢাকায় ফেরা সম্ভব হবে, তা এখনো নিশ্চিত নয়। এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় সকালে ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে ব্যাপক অস্থিরতা তৈরি হয়। এর প্রভাবেই সৌদি আরবসহ আশপাশের দেশগুলোতে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।