আওয়ামী লীগের আয় বেশি, ব্যয় কম

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩১, ২০২৩, ০৬:২৬ পিএম

আওয়ামী লীগের আয় বেশি, ব্যয় কম

ফাইল ছবি

২০২২ সালের বার্ষিক আর্থিক বিবরণী জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি মনোনয়ন ফরম বিক্রি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি ও সম্পত্তি থেকে আয় দেখিয়েছে। আর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা, সংগঠন পরিচালন ব্যয়, অফিস ও প্রকাশনা বাবদ ব্যয় দেখিয়েছে।

সোমবার (৩১ জুলাই) নির্বাচন কমিশনে (ইসি) আর্থিক বিবরণী জমা দেন বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। 

ইসি সচিব মো. জাহাঙ্গীর আলমের কাছে প্রতিবেদনটি জমা দিয়ে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান গণমাধ্যমের সাথে কথা বলেন। এ সময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। 

আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জানান, আওয়ামী লীগের ২০২২ পঞ্জিকা বছরের আয় ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। ব্যয় হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা। উদ্বৃত্ত আছে ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা। আর মোট ব্যাংকে স্থিতির পরিমাণ ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা।

দলটি মনোনয়ন ফরম বিক্রি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি ও সম্পত্তি থেকে আয় দেখিয়েছে। আর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা, সংগঠন পরিচালন ব্যয়, অফিস ও প্রকাশনা বাবদ ব্যয় দেখিয়েছে।

প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিরও) ১৯৭২ অনুসারে, সব নিবন্ধিত রাজনৈতিক দলকে ৩১ জুলাইয়ের আগে তাদের আর্থিক বিবরণী জমা দিতে হয়।

Link copied!