জুলাই ১০, ২০২৩, ০৯:২৯ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশ কৃষক লীগের গাজীপুর শাখার একটি সমাবেশে মঞ্চ ভেঙে পড়ে গেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমিসহ দুই সংসদ সদস্য। এসময় কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি সমীর চন্দও পড়ে যান।
স্থানীয় সোমবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাপাসিয়ায় পুরাতন ধান বাজারে আয়োজিত উপজেলা কৃষক লীগের কৃষক সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।
এবিষয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতানউদ্দিন শেখ গণমাধ্যমকে বলেন, “মঞ্চের বাঁশগুলো পুরাতন ও দুর্বল হয়ে পড়ায় মঞ্চটি মাঝখানে ভেঙে হেলে পড়ে যায়। তবে কেউ আহত হয়নি।”
অন্যদিকে, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী গণমাধ্যমকে বলেন, “সমাবেশস্থল ছোট হওয়ায় মঞ্চটিও ছিল ছোট। তাই ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি নেতা কর্মী উঠে পড়ায় মঞ্চটি হালকা ভেঙে পড়ে।”
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে সমাবেশ শুরু হলে সমাবেশ মঞ্চে একের পর এক অতিথি উঠতে থাকেন। বেলা ১১টার দিকে মঞ্চে ওঠেন সমাবেশের প্রধান অতিথি সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি। তাঁর সাথে কিছু নেতা কর্মী ওঠার কিছুক্ষণের মধ্যে মঞ্চটি ভেঙে পড়ে। এ সময় নেতা কর্মীরা ছোটাছুটি করে মঞ্চ থেকে নেমে পড়েন।
তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। পরে ভেঙে পড়ায় মঞ্চের সামনে চেয়ার সাজিয়ে সমাবেশ শুরু হয়।
উপজেলা শাখা কৃষক লীগ সভাপতি মো. সুলতানউদ্দিন শেখের সভাপতিত্বে এবং জেলা কৃষক লীগের সভাপতি লিটন দর্জির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগ সভাপতি কৃষিবীদ সমীর চন্দ, সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক রুমানা আলী টুসি, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের সহসভাপতি এসএম আকবর আলী চৌধুরী।
প্রসঙ্গত, চলতি বছরের ৬ জানয়ারি ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।