মে ৩০, ২০২৬, ০১:১৩ পিএম
ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে উত্তরাঞ্চলের উদ্দেশে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি বাস কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান।
আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্টরা কাজ করছেন।