এ বছর এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার। এই রোগীদের এক-তৃতীয়াংশই ভর্তি হয়েছেন জুনের প্রথম ১০ দিনে। মারা গেছেন ৯ জন।
শনিবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৬ রোগী। এ নিয়ে বর্তমানে দেশের সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়ালো ৫৪৯ জনে।
শুক্রবার (৯ জুন) সকাল ৮টা থেকে শনিবার (১০ জুন) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৫৬ জনের মধ্যে ১৪৮ জনই ঢাকার বাসিন্দা। বাকি আটজন ঢাকার বাইরের।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ২১ জন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২৭৬ জন ও ঢাকার বাইরের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪৫ জন।
অন্যদিকে এ বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই হাজার ৪৫০ জন। তাদের মধ্যে ঢাকার এক হাজার ৭৮৫ জন ও ঢাকার বাইরের ৬৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন।