সরকার পতনের দাবিতে আগামীকাল শনিবার (২৯ জুলাই) ঢাকার সব প্রবেশপথে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত মহাসমাবেশে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ ও বিএনপির সমমনা ১২–দলীয় জোট।
এদিকে আজ মহাসমাবেশ শুরুর ৪ ঘণ্টা আগে সকাল ১০টার দিকেই বিএনপির নেতা-কর্মীতে ভরে যায় সমাবেশস্থল। বেলা দেড়টার দিকে পল্টন এলাকায় বৃষ্টি শুরু হয়েছিল। এ সময় মহাসমাবেশে যোগ দিতে যাওয়া বিএনপির অনেক নেতা-কর্মী সড়ক ছেড়ে দোকানপাটের সামনে অবস্থান নিতে থাকেন। বেলা দুইটার কিছু আগে বৃষ্টি থেমে যায়। পরে নেতা-কর্মীরা আবার সড়কে অবস্থান নেন।
তবে বৃষ্টিতে ভিজেও অনেক নেতা-কর্মী সড়কেই অবস্থান করেন। বৃষ্টি চলাকালে নেতা-কর্মীদের চাঙা রাখতে মূল মঞ্চ থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।