নভেম্বর ১৮, ২০২২, ১০:১৩ এএম
লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ গত ১৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় এ মামলাটি দায়ের করে।
মামলায় তাঁর সঙ্গে মফিজুর রহমান ও মুশফিকুল ফজল আনসারী নামের আরো দুজনকে আসামি করা হয়েছে। মফিজুর রহমান বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আর মুশফিকুল পলাতক।
ডিএমপির গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন মামলার তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পিনাকী ভট্টাচার্য ফ্রান্সে অবস্থান করে সরকারবিরোধী অপপ্রচারে লিপ্ত। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। পিনাকীর পূর্ণাঙ্গ ঠিকানা পেলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
মামলায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্ট গত ১৪ অক্টোবর নজরে আসে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের। ওই পোস্টে মিরপুরে একটি পুলিশের অভিযান সম্পর্কে বিকৃত তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে।
ওই ফেসবুক পোস্টের সূত্র ধরে ১৫ অক্টোবর পল্লবীর বাসা থেকে মফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ মফিজুরের দুটি মুঠোফোন জব্দ করে।
পুলিশ জানায়, মফিজুর তার ফেসবুক মেসেঞ্জারে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। এই তালিকায় আছেন পিনাকী ভট্টাচার্য ও মুশফিকুল ফজল আনসারী।