প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে বিএনপি নেতা চাঁদ গ্রেফতার

জাতীয় ডেস্ক

মে ২৫, ২০২৩, ১১:৩৭ এএম

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে বিএনপি নেতা চাঁদ গ্রেফতার

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। 

এর আগে, গত ১৯ মে (শুক্রবার) রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির বিক্ষোভ সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেন।

এ ঘটনায় গত রবিবার (২১ মে) রাতে বিএনপি নেতা চাঁদকে আসামি করে রাজশাহীর পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে বাদী হয়ে একটি মামলা করেন বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। 
মামলার এজাহারের বরাত দিয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানো ছাড়া বিএনপির আর কোনো দাবি নেই এমন বক্তব্য দিয়েছিলেন বিএনপি নেতা চাঁদ।
পরে গত সোমবার (২২ মে) সন্ধ্যায় সন্ত্রাস দমন আইনে আবু সাঈদ চাঁদসহ ১২ জনকে আসামি করে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরমান হোসেন বাদী হয়ে আরও একটি মামলা করেন। এ মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পরদিন মঙ্গলবার (২৩ মে) নাটোরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চাঁদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়। 

সবশেষ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু বুধবার (২৪ মে) চাঁদসহ দলের পাঁচ নেতার বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে মানহানির মামলা দায়ের করেন।

এদিকে এ ঘটনাকে ‘অনিচ্ছাকৃত ভুল‍‍’ আখ্যা দিয়ে ক্ষমা চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

স্থানীয় সাংবাদিকদের ফোন করে তিনি বলেন, ‘রাজনৈতিক সভাগুলোতে ভাষণ দেওয়ার সময় এ ধরনের ঘটনা ঘটে, ভুল হয়। অবিলম্বে চাঁদের ক্ষমা চাওয়া উচিত ছিল।‍‍’

মিনু আরও বলেন, ‘চাঁদের বক্তব্যের সঙ্গে তাঁর দলের কোনো সম্পর্ক নেই। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়, এটাই বলার জন্য আমাদের দলের উচ্চপর্যায়ের নির্দেশে রয়েছে। কিন্তু চাঁদ আবেগের বশবর্তী হয়ে ভুল করেছে, তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি।‍‍’

এর আগেও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন। এ অভিযোগে গত বছরের ২৬ জুলাই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়।

Link copied!