প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১টা ১৬ মিনিটে রাজধানীর খিলগাঁওয়ের পল্লীমা সংসদ প্রাঙ্গণে তার জানাজা হয়। জানাজা শেষে ফকির আলমগীরের মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দুপুর ১২টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সেখানে স্বাস্থ্যবিধি মেনে মরদেহে নাগরিক শ্রদ্ধাঞ্জলি দেয়া হবে।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তালতলায় একটি কবরস্থানে তাকে দাফন করা হবে।
ফকির আলমগীর একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন। ষাটের দশক থেকেই গণসংগীত করে আসছিলেন তিনি। ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে অসামান্য ভূমিকা রাখেন।
দেশ স্বাধীনের পর পপ ঘরানার গানে যুক্ত হন ফকির আলমগীর।পাশ্চাত্য সংগীতের সঙ্গে বাংলার লোকজ সুরের সমন্বয় ঘটিয়ে তিনি বহু গান করেছেন। সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৯ সালে সরকার তাকে একুশে পদক দেয়।
শুক্রবার করোনা আক্রান্ত হয়ে রাত ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।