বন্ধ করে দেওয়া হল নিউজ পোর্টাল ‘সারাক্ষণ’

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২১, ০৮:০৭ পিএম

বন্ধ করে দেওয়া হল নিউজ পোর্টাল ‘সারাক্ষণ’

বন্ধ করে দেওয়া হল অনলাইন নিউজ পোর্টাল সারাক্ষণ। রবিবার (১১ এপ্রিল) দুপুরে নিউজ পোর্টালটির পরিচালনায় যুক্ত কর্তৃপক্ষ এটি আর না চালানোর সিদ্ধান্তের কথা জানান। একইসঙ্গে ওই নিউজ পোর্টালের সাথে যুক্ত প্রায় ৪০ জন সংবাদকর্মীকে বিষয়টি অবহিত করা হয়েছে।

এর ফলে মাত্র সাড়ে ৬ মাসের মাথায় বন্ধ হয়ে গেল এ নিউজ পোর্টালটি। পোর্টালটি বন্ধ করে দেওয়ার গুঞ্জন কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। কর্মীদের মধ্যেও চাপা আতঙ্ক বিরাজ করছিলো এতদিন। শেষ পর্যন্ত তাদের সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হল।

এ বিষয়ে রবিবার সন্ধ্যায় সারাক্ষণের সম্পাদক স্বদেশ রায় দ্য রিপোর্টকে বলেন, ‘সারাক্ষণ একটি দৈনিক পত্রিকা হওয়ার কথা ছিল। পরে দৈনিকের অনলাইন হিসেবে পোর্টালটি চালু করা হয়। খুবই কম খরচে পোর্টালটি আমরা এতদিন চালু রেখেছিলাম।

কিন্তু দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ফলে এখন দৈনিক পত্রিকা কোনোভাবেই আনা সম্ভব না বলে মনে করছে কর্তৃপক্ষ। যার ফলে নিউজ পোর্টালটিও চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন তারা।’

এই নিউজ পোর্টালের সঙ্গে যুক্ত একাধিক কর্মী জানান, ‘আজ দুপুর ২টার দিকে মৌখিকভাবে পোর্টাল পরিচালনাকারী কর্তৃপক্ষের কাছ থেকে এটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। এরপর কর্মকর্তা কর্মচারীদের প্রশাসন বিভাগ থেকে টেলিফোনে ও মোবাইলফোনে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হচ্ছে।’

Link copied!