সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ২০২২-২৪ মেয়াদের নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।সারা দেশের দেওয়ানী আদালতসমূহে এই ভোটগ্রহণ একযোগে চলবে বিকেল ৫টা পর্যন্ত।
প্রতিবারের মতো এবারও দেশব্যাপী ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বার কাউন্সিলের সনদপ্রাপ্ত আইনজীবীদের মধ্য থেকে সাধারণ আসনে সাত জন এবং গ্রুপ আসনে সাত জন সদস্য নির্বাচিত হবেন। গ্রুপ আসনের ক্ষেত্রে স্থানীয় আইনজীবী সমিতির আইনজীবীদের মধ্য থেকে সাত জন সদস্য নির্বাচিত হবেন।
এবারের নির্বাচনে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে সাধারণ আসনে ৭টি পদে প্রার্থী হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল, অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান, অ্যাডভোকেট মো. রবিউল আলম বুদু, অ্যাডভোকটে মো. নজরুল ইসলাম খান ও অ্যাডভোকেট মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা।
অন্যদিকে, বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সাধারণ আসনে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন সরকার, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন।