মহাসমাবেশের আগের দিন বিএনপির ৪৭৩ নেতাকর্মী কারাগারে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৭, ২০২৩, ০৮:৫২ পিএম

মহাসমাবেশের আগের দিন বিএনপির ৪৭৩ নেতাকর্মী কারাগারে

প্রতীকী ছবি

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের এক দফা দাবি আদায়ে শুক্রবার (২৮ জুলাই) ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। আর এ মহাসমাবেশের একদিন আগে বুধবার (২৭ জুলাই) দিনভর গ্রেফতারের পর বিএনপির ৪৭৩ নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ঢাকার মহানগর এলাকার ৪১টি থানায় পুরনো বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে ৩৬৮ জন এবং চারটি থানা থেকে সন্দেহজনক হিসেবে ফৌজদারি কার্যবিধির ১৫১ ও ১৫৪ ধারায় ৯৬ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। এছাড়া ঢাকা জেলার ৭টি থানা থেকে মোট ১৩ জন আসামিকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে ৪ জনের একদিন করে রিমান্ড ও ৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এদিন নেতাকর্মীদের পক্ষে বিএনপিপন্থি আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আসামিদের মধ্যে পুরনো বিভিন্ন রাজনৈতিক মামলায় রাজধানীর রমনায় ৩ জন, শাহবাগে ১০ জন, ধানমন্ডিতে ৬ জন, হাজারীবাগে ২ জন, যাত্রাবাড়ীতে ৫ জন, ডেমরায় ৮ জন, শ্যামপুরে ১০ জন, কদমতলীতে ৭ জন, মতিঝিলে ৯ জন, পল্টনে ৮ জন, রামপুরায় ২ জন, সবুজবাগে ১ জন, তেজগাঁও, হাতিরঝিল ও তেজগাঁও শিল্পাঞ্চলে ১২ জন, পল্লবীতে ৩০ জন, কাফরুলে ৩৯ জন, মোহাম্মদপুরে ১৫ জন, আদাবরে ২ জন, গুলশানে ১২ জন, বনানীতে ১৫ জন, বাড্ডায় ১৪ জন, ভাটারায় ৩ জন, উত্তরখানে ৬ জন, উত্তরা পশ্চিমে ২ জন, তুরাগে ১০ জন, কোতোয়ালিতে ২ জন, বংশালে ৯ জন, লালবাগে ৯ জন, চকবাজারে ১ জন, কামরাঙ্গীরচরে ১৫ জন, কলাবাগানে ৬ জন, নিউমার্কেটে ১ জন, দারুস সালামে ৫৭ জন, খিলগাঁও ৭ জন, ক্যান্টনমেন্টে ৩ জন, খিলক্ষেতে ৩ জন, সূত্রাপুরে ১৫ জন এবং গেন্ডারিয়ায় ২ জন, ওয়ারী থানায় গ্রেফতার ৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

অপরদিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ও ১৫৪ ধারায় সন্দেহজন হিসেবে ৯৬ জনকে আদালতে পাঠানো হয়। এদের মধ্যে রাজধানীর পল্টনে ৪৩ জন, বংশালে ১৮ জন, কোতোয়ালিতে ২৫ জন ও ধানমন্ডি থানা থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়। পরে যাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তবে রাজধানীর শাজাহানপুর, রূপনগর, ভাসানটেক, মিরপুর মডেল, শেরেবাংলা নগর, বিমানবন্দর, দক্ষিণ খান, উত্তরা পূর্ব, শাহ আলী ও মুগদা থানায় বিএনপির কোনও নেতাকর্মী গ্রেফতার হননি।

মহানগর এলাকার বাইরে ঢাকা জেলার ৭টি থানা থেকে মোট ১৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। তাদের মধ্যে ৪ জনকে একদিন করে রিমান্ড এবং বাকি ৯ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে, মহাসমাবেশকে কেন্দ্র করে দলের পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

Link copied!