প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় বাকিংহাম প্যালেস থেকে টেলিফোন করে যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন রাজা চার্লস।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতির জন্য রাজা চার্লস রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজা চার্লসকে বলেন, প্রয়াত রানি আমার কাছে একজন মা এবং কমনওয়েলথের অসাধারণ এক প্রধানের মতো ছিলেন। রানির প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা জানাতে আমি তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের রাজাকে বলেন, প্রয়াত রানি এলিজাবেথের সম্মানে বাংলাদেশ তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে এবং রানির বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
ব্রিটেনের সিংহাসনে আরোহণের জন্য রাজাকে অভিনন্দন জানান এবং তার দীর্ঘ ও সমৃদ্ধ রাজত্ব কামনা করেন শেখ হাসিনা।