জুলাই ১৯, ২০২৩, ১২:৫১ পিএম
ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সময়ের সাথে তাল মিলিয়ে দেশের মানুষের ভাগ্যোন্নয়নের চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশের উন্নতি কত দ্রুত করা যায়, সে লক্ষ্যে কাজ চলছে।
বুধবার (১৯ জুলাই) প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করতে পেরেছে। তার ফল এখন জনগণ দেখছে। সব ধরনের দুর্যোগ মোকাবিলা করেই এগিয়ে যাবে দেশ।

তিনি বলেন, ভৌগোলিক সীমাবদ্ধতা ও বিপুল জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত কঠিন কাজ। জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত পরিবেশ, আত্মমর্যাদা-আন্তরিকতা নিয়ে কাজ করলে উন্নত-সমৃদ্ধ দেশ গড়া সম্ভব।

দুর্নীতি দূরে ঠেলে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের আত্মমর্যাদা বোধ ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক সংকট সত্ত্বেও সচিবদের দক্ষতা দেশ পরিচালনার গতিশীলতা ধরে রাখতে বড় ভূমিকা রেখেছে।

সরকারপ্রধান আরও বলেন, সচিবদের কর্মদক্ষতায় অর্থনৈতিক চাপ সত্ত্বেও দেশ পরিচালনায় গতিশীলতা ধরে রাখা সম্ভব হয়েছে। সব ধরনের দুর্যোগ মোকাবিলা করেই দেশ এগিয়ে যাবে। আর যেন এ দেশটি পিছিয়ে না পড়ে, সেদিকে খেয়াল রেখে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হবে।

শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করেই দেশ পরিচালনা করছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, ততবারই চেষ্টা করেছে বা করছে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে, নিজেদের নয়। সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার; যে কারণে তাড়া আছে আমাদের, সময় তো ফুরিয়ে যায়। আমরা কতটুকু এগোতে পারলাম, মানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা–সেটাই হচ্ছে বড় কথা। সেই সঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা। কাজেই আজ আমরা বলতে পারি, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ চলতে পেরেছে, আর আমরা সেটা করতে পেরেছি।’