জুলাই ৪, ২০২৩, ০৪:২৭ পিএম
সংগৃহীত ছবি
আসছে বৃহস্পতিবার (৬ জুলাই) বাংলাদেশ যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনটি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
মঙ্গলবার (৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির মধ্যে ৬ জুলাই সকাল ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন। সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন প্রাঙ্গণে কেক কাটা। সকাল ৯টায় যুব মহিলা লীগের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে শোভাযাত্রা।
এছাড়া, এদিন সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন ও দুপুর ২টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর নির্মিত চলচ্চিত্র ‘হাসিনা এ ডটার্স টেল’ র প্রদর্শনী করা হবে। বিকেল ৩টায় যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়েআলোচনা সভার আয়োজন করার কথা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৭ জুলাই বেলা ১১টায় রমনা কালী মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচি ও দেশব্যাপী সংগঠনের প্রতিটি ইউনিটকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাবেক নেত্রীদের নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন।
যুব মহিলা লীগ গঠনের লক্ষ্য ছিল-নারী সমাজকে এ সংগঠনের পতাকাতলে একত্রিত করে সকল বাধা জয় করে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে অগ্রযাত্রা ও তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতিসহ সব অত্যাচার-অনিয়মের রুখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ভুমিকা রাখা।