ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:০৭ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন ঘিরে রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “দীর্ঘদিন ধরে দেশের মানুষ এই দিনটির অপেক্ষায় ছিলেন। আজ জনগণ তাদের অধিকার ফিরে পেয়েছে।”
তিনি আরও বলেন, “গত রাতে দেশের বিভিন্ন স্থানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে, যা কাম্য নয়। তবে মানুষ যদি ভোটকেন্দ্রে আসেন, তাহলে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।”
নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বিজয়ী হলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং জনগণের রায় যথাযথভাবে প্রতিফলিত হবে।
এদিকে, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।