দীর্ঘ ১৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে তাপবিদ্যুৎ প্রকল্পের কাঠের আগুন

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৯, ২০২৩, ০৫:৩৩ পিএম

দীর্ঘ ১৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে তাপবিদ্যুৎ প্রকল্পের কাঠের আগুন

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের ভেতরে ভাঙা কাঠের স্তুপে লাগা অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। টানা ১৫ ঘণ্টা ধরে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীদের চেষ্টায় গতকাল  শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লাগা আগুন রাত ৩টার দিকে নিয়ন্ত্রণে আসে।

তাপবিদ্যুৎ প্রকল্পের স্থাপনা থেকে প্রায় তিন কিলোমিটার পূর্ব দিকে খোলা জায়গায় লাগা আগুনে পুড়ে গেছে ব্যবহার অনুপযোগী অন্তত ১৫০ টন ভাঙা কাঠ।

তবে ভাঙা কাঠের স্তূপে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও কোল পাওয়ারের চেষ্টায় আগুন থেকে রক্ষা পায় অন্তত সাড়ে চার কোটি টাকার ভাঙা কাঠসহ বিভিন্ন মালামাল।

কোল পাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ উদ্দিন গণমাধ্যমকে জানান, প্রায় ৫২ হাজার কোটি টাকা ব্যয়ে মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পের কাজ চলছে। এজন্য বিভিন্ন সাইট থেকে ব্যবহার অনুপযোগী ভাঙা কাঠসহ বিভিন্ন পরিত্যক্ত মালামাল সরিয়ে নিয়ে পূর্ব দিকে তিন কিলোমিটার দূরে খোলা জায়গায় স্তূপ করে রাখা হয়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ কাঠের স্তূপে আগুন ধরে।

এদিকে, কোল পাওয়ারের মাতারবাড়ী কার্যালয়ের দায়িত্বরত তত্ত্বাবধায়ক (প্রকৌশলী) মোহাম্মদ মনোয়ার হোসেন মজুমদার জানিয়েছেন, আগুন লাগলেও তাপবিদ্যুৎকেন্দ্রের কোনো ক্ষতি হবে না।

Link copied!