দুই কানের একটিতে শুনতে পান না; মাইক ব্যবহার করতে বললেন শেখ হাসিনা

বিশেষ প্রতিবেদক

জুন ২১, ২০২৩, ০৪:১৪ পিএম

দুই কানের একটিতে শুনতে পান না; মাইক ব্যবহার করতে বললেন শেখ হাসিনা

দুই কানের একটিতে শুনতে পান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই মাইক ব্যবহার করে কথা বলতে ইঙ্গিত করে তিনি বলেন, "মাইকে... মাইকে...। আমি এক কানে শুনি ভাই, আরেক কান তো খালেদা জিয়া গ্রেনেড হামলা করে দিছে শেষ করে। খুনির দল; সে একটা খুনি, তার স্বামী একটা খুনি, তার একটা ছেলেও খুনি।"

বুধবার (২১ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের কথা স্পষ্ট শুনতে না পেয়ে তিনি এ কথা বলেন।

সুইজারল্যান্ড ও কাতারে সাম্প্রতিক সফর নিয়ে একটি লিখিত বক্তব্য পাঠ শেষে প্রধানমন্ত্রী চলমান বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে ১ কোটি ২৩ লাখ ভূয়া ভোটার করা হয়েছিল। আমরা ছবিসহ ভোটার তালিকা করে ভূয়া ভোটার অপসারন করেছি।

মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করে বলা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে -এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ সেক্যুলারিজমে বিশ্বাস করে; যার যার ধর্ম সে সে পালন করবে, সেই নীতিতে বিশ্বাস করে। ২০০১-এর পর সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন, যে বীভৎস্য ঘটনা ঘটেছে, সেদিন তো হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান কেউ রেহাই পায়নি। মানুষ হত্যা করেছে, মসজিদ ভেঙেছে, মন্দির ভেঙেছে, কোনটা না করেছে তারা?

"বিএনপি-জামায়াত সে সময় এ ধরনের ধ্বংসাত্মক কাজ, অত্যাচার-নির্যাতন করেছে। হাতুড়ি দিয়ে পিটিয়ে গুঁড়া গুঁড়া করেও মানুষ হত্যা করেছে। শুধু তা-ই নয়, সেনাবাহিনীর অফিসারদের চাকরি থেকে বিদায় দিয়ে দেওয়া, কারও সাত-আট বছর হয়েছে, তাদের বিদায় দিয়ে দেওয়া, প্রশাসন থেকে ভালো ভালো অফিসারদের বিদায় দেওয়া, একই দিনে একযোগে ১৩ জনকে ওএসডি করে দেয়। ক্ষমতা হস্তান্তরের প্রথম দিনেই এটা করেছে তারা। এভাবে অত্যাচার করেছে।

তিনি বলেন, তারপর রাজনীতি, প্রশানস সব হাতে নিয়ে, হাওয়া ভবন খুলে একাকার। কারও স্বাধীন ব্যবসা করার সুযোগ ছিল না। কারণ হাওয়া ভবনে দিতে এক ভাগ, খালেদা জিয়াকে এক ভাগ, সবাইকে এভাবে দিতে হতো।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তো এসব নাই।

প্রধানমন্ত্রী বলেন, সফরকালে তিনি দেশের মানবাধিকার পরিস্হিতি, সামাজিক ন্যয়বিচার, উন্নয়ন, শ্রম অধিকার, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরেছেন।

Link copied!