বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু দেখতে চায় যুক্তরাজ্য

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২৩, ০৯:৫১ এএম

বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু দেখতে চায় যুক্তরাজ্য

যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।স্থানীয় সময় শনিবার বিকেলে লন্ডনের ক্ল্যারিজ হোটেলে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

এসময় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন জেমস ক্লেভারলি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকারও একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চায়। এ ব্যাপারে সরকারপ্রধান সবার সহযোগিতাও চান। 

সাক্ষাতের পরে হোটেল ক্ল্যারিজে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী  বলেন, “ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে কথা বলেছেন। তারাও চান একটা সুষ্ঠু নির্বাচন হোক।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “শেখ হাসিনা বলেছেন, আমরাই বাংলাদেশে গণতন্ত্রের বলিষ্ঠ একটা অবস্থা তৈরি করেছি। আমাদেরও প্রতিশ্রুতি আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। তবে সুষ্ঠু নির্বাচন সবাইকে সঙ্গে নিয়েই করতে হবে। সেক্ষেত্রে অন্যরা যদি আমাদের সহযোগিতা করে তাহলে ভালো।”

এসময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে তথ্য দেন। বলেন, “বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা শক্তিশালী করতে আওয়ামী লীগের অবদান রয়েছে। নির্বাচন স্বচ্ছ, সুন্দর করার জন্য আওয়ামী লীগ সরকার যা যা করার তাই করেছে।

এসময় শেখ হাসিনা জেমস ক্লেভারলিকে জানান, “বিএনপির সময় দেশে  ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার ছিল, সেই ভুয়া ভোটার যাতে না হয় সে জন্য বায়োমেট্রিক ফটো আইডি, ফটো যুক্ত ভোটার তালিকা প্রণয়ন, কেউ যাতে আগে বাক্সে ব্যালট ঢুকাতে না পারে সেই জন্য স্বচ্ছ ব্যালট বাক্স চালু করা হয়েছে।”

সরকারপ্রধান বলেন, “আর অত্যন্ত স্বাধীন এবং শক্তিশালী নির্বাচন কমিশন তৈরি করা হয়েছে। এছাড়া যত ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার, স্বচ্ছ-সুন্দর করা হয়েছে।”

রোহিঙ্গা ইস্যুতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলির আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন তিনি।অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিষয়টি তুলে ধরেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদারের কথা জানান তিনি।

রাজা তৃতীয় চার্লসের সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগদান করায় বৃটিশ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। শুধু নির্বাচনই নয়, এ সাক্ষাতে দুই দেশের ব্যবসা-বাণিজ্য, দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা ইস্যুসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। 

পরে ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, বিএনপির আমলে ভুয়া ভোটের অভিযোগ ছিল। আগামী নির্বাচনে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে তাই বর্তমান সরকার ছবিযুক্ত ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্সের পাশাপাশি একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছে। বৈঠকে এ বিষয়গুলো জানানো হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন জেমস ক্লেভারলি।

 

ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

Link copied!