কৃষকদল কর্মী হত্যার প্রতিবাদে

বৃহস্পতিবার শোকমিছিল করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৯, ২০২৩, ০৯:৪৫ পিএম

বৃহস্পতিবার শোকমিছিল করবে বিএনপি

লক্ষ্মীপুরে  পদযাত্রা কর্মসূচি পালনকালে  কৃষকদলের এক কর্মী হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১ টায় শোক র‍্যালি করার ঘোষণা দিয়েছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ বুধবার (১৯ জুলাই) যাত্রাবাড়িতে পদযাত্রা কর্মসূচির সমাপনী বক্তব্যে এ ঘোষণা দেন।

সমাবেশে গতকালের পদযাত্রায় ছয়টি জায়গায় হামলা হয়েছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘গতকাল যে গুলি করেছে, এই গুলির হিসাব দিতে হবে। কার সন্তানকে মেরেছেন, এই জবাব দিতে হবে। গুম-খুনের প্রতিটির বিচার আমরা পাই পাই করে নেব। যাঁরা গুলি করছেন, তাঁদের বলব, সাবধান হয়ে যান। অন্যথায় জনগণের রোষানল থেকে রেহাই পাবেন না।’

সমাপনী বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ‘শেষ কথা হলো, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচন যাব না এবং যারা নির্বাচনে যাওয়ার চিন্তা করবে, চেষ্টা করবে, তাদের সরকারের দালাল হিসেবে আখ্যায়িত করে এ দেশের মাটিতে তাদের বিচার করা হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘কাদের সাহেব বলেছেন, “বিদেশিরা বিএনপিকে কী জানি..কী একটা (ঘোড়ার ডিম) কিছুই দেয় নাই।” আরে ভাই, আমরা বিদেশিদের দাওয়াত দিয়া আনছি, না আমরা বিদেশিদের কাছে চাইছি। আমরা কিছুই চাই নাই।’

আব্বাস বলেন, ‘বরং বিদেশিরা এসে দেখেছেন, আপনারা কীভাবে হত্যা করেন। বিদেশিরা দেখেছেন, আপনারা কীভাবে গুম করেন, কীভাবে ভোটের অধিকার হরণ করেন। সুতরাং তাঁরাও আজ আপনাদের সঙ্গে নেই। সারা বিশ্বে আপনারা একা হয়ে গেছেন। কেউ আপনাদের সমর্থন করে না।’

সরকারের উদ্দেশে আবদুস সালাম বলেন, ‘আরে হিরো আলমের লগেই নির্বাচন করতে পারেন না। আবার বলেন বিএনপির কথা।’ তিনি বলেন, ‘মনে রাখবেন, দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে।’

Link copied!