মে ৯, ২০২৩, ১০:৫৯ পিএম
বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশারকে লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পেজে দেওয়া বার্তায় বলা হয়, ১৯৮৯ সালে আবুল হাসনাত সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেন। তিনি ১৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং সিলেটের অঞ্চলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ছিলেন এবং সিনিয়র ডিরেক্টরিং স্টাফ হিসেবে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) দায়িত্ব পালন করেছেন। তিনি কুয়েত ও সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশেষ দায়িত্ব পালন করেছেন।
জেনারেল হাসনাত ডিফেন্স স্টাডিজ, সিকিউরিটি স্টাডিজ এবং সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।