জুলাই ১২, ২০২৩, ০৫:৩৯ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেই কেবল নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির নেতারা।
এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন। সমাবেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই নির্বাচন হবে। প্রধানমন্ত্রী আপনাকে যেতেই হবে।’
আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে আজ বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে বিএনপির বেশ কয়েকজন নেতা একথা বলেছেন।
সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, ‘রক্ত দিয়ে হলেও আমরা এবারের নির্বাচন প্রতিহত করব।’ দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না বলে দাবি করেন বিএনপির এই নেতা।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ দাবি করেছেন, তাদের আজকের সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করেছে যে আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। বিএনপির চলমান সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি শুরুর পর থেকে ১৭ নেতা-কর্মী বলে দাবি করেন তিনি। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বরকতউল্লাহ বলেন, ‘এ জন্য আপনাদের বিচার হবে।’
আওয়ামী লীগ সরকার দেশকে লুটপাটের রাজত্ব বানিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘এ সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না।’ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে শামসুজ্জামান বলেন, ‘আপনি নিজে ঠিক করবেন, নাকি আমরা ঠিক করে দেব; আপনাকে যেতেই হবে। এরশাদ থাকতে পারেনি, আপনিও থাকতে পারবেন না।’
রাজধানীতে আজ ১২ জুলাই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী বিএনপির সমাবেশ কর্মসূচি। দুপুর থেকে বিকেল পর্যন্ত এ কর্মসূচি পালনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২৩টি শর্ত দিলেও সেগুলো কতটুকু মানা হবে সে নিয়ে আছে শঙ্কা। তাই সংঘাত এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করবে পুলিশ।