পুরান ঢাকায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

ইউএনবি

নভেম্বর ১০, ২০২৫, ০৪:২৮ পিএম

পুরান ঢাকায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

ছবি: ফেসবুকের ভিডিও থেকে নেওয়া।

পুরান ঢাকার সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাইফ মামুন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, আনুমানিক বেলা ১১টার দিকে তাদের হাসপাতালের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। শব্দ শুনে হাসপাতালের মেইন গেটের সামনে এসে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা।

সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই হাফিজ বলেন, আমার ভাই সাইফ মামুন একজন সাধারণ মানুষ। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। কারা তাকে হত্যা করেছে, কী কারণে করেছে, তা আমার জানা নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িযে পড়া এ ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুইজন অস্ত্রধারী এসে হাসপাতালের সামনে তাকে লক্ষ্য করে গুলি করে। এরপর তারা চলে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

 

Link copied!