ডিসেম্বর ৫, ২০২৩, ০১:৫১ পিএম
কাঁঠালিয়া উপজেলায় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১৩ নেতাকর্মীর পদত্যাগ।
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় শাহজাহান ওমরের কয়েকজন অনুসারী বিএনপি ছাড়ার ঘোষণা দিয়েছেন। দ্বাদশ জাতীয় নির্বাচনে বিএনপি ছেড়ে শাহজাহান ওমর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে কাঁঠালিয়া বাসস্ট্যান্ড এলাকায় শাহজাহান ওমরের নির্বাচনি কার্যালয়ে কয়েকজন সংবাদ সম্মেলন করে বিএনপি ছাড়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১৩ নেতাকর্মী।
লিখিত বক্তব্যে তারা বলেন, শাহজাহান ওমর আমাদের রাজনৈতিক অভিভাবক। গত কয়েক বছর ধরে শাহজাহান ওমরকে পাশ কটিয়ে ঝালকাঠিতে কেন্দ্রীয় কমিটির নির্দেশে বিএনপির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। আরও বিভিন্নভাবে বীর উত্তমকে অবমূল্যায়ন করা হয়েছে। এ কারণেই বিএনপি থেকে পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার শাহজাহান ওমরের নির্বাচনী কর্মকাণ্ড শুরু করেছেন তারা।
আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেওয়া নেতা-কর্মীদের মধ্যে কাঁঠালিয়া উপজেলা বিএনপির একাংশের সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ মিয়া ও মোস্তাফিজুর রহমান, যুবদলের সহসভাপতি তরিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিব ভুট্টো ও সদস্যসচিব জাকির হোসেন উল্লেখযোগ্য। তাঁদের নেতৃত্বে উপজেলা বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা আওয়ামী লীগে যোগদান করেছেন বলে তাঁরা দাবি করেন। এ সময় শাহজাহান ওমরের সমাবেশে গতকাল বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা আবদুল জলিল মিয়াজীকেও দেখা যায়।
এদিকে শাহজাহান ওমরের সঙ্গে অবস্থান নেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজাপুর উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। তাঁরা হলেন উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেমায়েত হোসেন ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. সামছুল আলম।