বন্যার্তদের সহযোগিতায় ৬ জেলায় চলছে সশস্ত্র বাহিনীর কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৪, ২০২৪, ১১:০০ এএম

বন্যার্তদের সহযোগিতায় ৬ জেলায় চলছে সশস্ত্র বাহিনীর কার্যক্রম

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি চলমান রয়েছে। বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়িতে বন্যার্তদের উদ্ধারে কাজ করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্ট। এ ছাড়া সশস্ত্র বাহিনীর সব পদবীর সদস্যরা একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতার মানসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমাও দিয়েছেন বলেও জানানো হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, গত ২৪ ঘণ্টায় বন্যাকবলিত জেলাগুলোতে প্রায় ৫৫টি বোট ও হেলিকপ্টারযোগে অন্তত ৯ হাজার ৫০০ জন বন্যাদুর্গতকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। এ ছাড়া প্রায় ৫ হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে সশস্ত্র বাহিনী। চিকিৎসার জন্য সশস্ত্র বাহিনীর মেডিকেল টিমও মোতায়েন করা হয়েছে। বন্যাদুর্গত এলাকায় চিকিৎসা সেবা দেওয়ার সঙ্গে সঙ্গে গতকাল শুক্রাবর ফেনীর ফুলগাজী থেকে অন্তঃসত্ত্বা মোছা. সুমি বেগমকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারযোগে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠায় সেনাবাহিনী। এ সময় তিনি এক পুত্রসন্তান প্রসব করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Link copied!