দুর্নীতিতে শীর্ষ দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০১:৩৬ পিএম

দুর্নীতিতে শীর্ষ দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান আরও এক ধাপ অবনতি হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫ অনুযায়ী এবার বাংলাদেশ রয়েছে ১৩তম অবস্থানে। আগের বছর এই অবস্থান ছিল ১৪তম।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল–এর প্রকাশিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’ তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

প্রকাশিত সূচক অনুযায়ী, ২০২৫ সালে ১০০ নম্বরের স্কেলে বাংলাদেশ পেয়েছে ২৪। আগের বছর এই স্কোর ছিল ২৩। অর্থাৎ স্কোরে সামান্য উন্নতি হলেও তুলনামূলক অবস্থানের দিক থেকে বাংলাদেশ আরও খারাপ জায়গায় নেমেছে। সিপিআই সূচকে শূন্য স্কোরকে সর্বোচ্চ দুর্নীতি এবং ১০০ স্কোরকে সর্বনিম্ন দুর্নীতি হিসেবে ধরা হয়।

টিআইবি জানায়, সূচকটি তৈরিতে ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের বিভিন্ন আন্তর্জাতিক জরিপ ও মূল্যায়নের তথ্য ব্যবহার করা হয়েছে। এতে সরকারি খাতের দুর্নীতি সম্পর্কে বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের ধারণা প্রতিফলিত হয়।

সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান বলেন, স্কোরে সামান্য বৃদ্ধি থাকলেও সামগ্রিক চিত্র অত্যন্ত উদ্বেগজনক। তাঁর ভাষায়, “আমরা কার্যত দুর্নীতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। বাংলাদেশের অবস্থান ও স্কোর দুটোই গভীর সংকেত দিচ্ছে।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে কাঠামোগত সংস্কার ও কার্যকর জবাবদিহির অভাব থাকায় দুর্নীতির মাত্রা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। রাজনৈতিক সদিচ্ছা ও প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

টিআইবি মনে করছে, সূচকের এই ফলাফল দেশের শাসনব্যবস্থা, সুশাসন ও নাগরিক আস্থার জন্য বড় ধরনের সতর্কবার্তা, যা অবিলম্বে গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।

Link copied!