ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০১:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভারস ইজাবসের নেতৃত্বে ১৫ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ (মঙ্গলবার) বেলা ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুইপক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। পাশাপাশি বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও টেকসই করার ব্যাপারে একমত পোষণ করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের একটি প্রতিনিধি দল কাজ করবে। তারা ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।