চট্টগ্রাম-৪

আসলাম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আপিল বিভাগ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১২:৩১ পিএম

আসলাম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আপিল বিভাগ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে তার বিরুদ্ধে দায়ের করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনী ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আজ (মঙ্গলবার) যমুনা ব্যাংকের করা আবেদনের পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আইনজীবী মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১ ফেব্রুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে যমুনা ব্যাংকের করা আপিল আবেদনের ওপর দীর্ঘ শুনানি শেষ হয়। ঋণখেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ রিট করলে হাইকোর্ট তা খারিজ করেন। পরে ব্যাংক আপিল বিভাগে আবেদন জানায়।

উল্লেখ্য, নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সেদিন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘মনোনয়নপত্র বৈধ করলাম। ব্যাংকের টাকাটা (ঋণটা) দিয়ে দিয়েন। টাকাটা না দিলে কিন্তু জনরোষ তৈরি হবে। মানুষ হিসেবে এটা আপনাকে বললাম।’

ওইদিন শুনানিতে আসলাম চৌধুরীর পক্ষে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে, একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিকের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির দাবি করেন, আসলাম চৌধুরী একজন দণ্ডিত ব্যক্তি এবং তার প্রার্থিতা বহাল রাখা ন্যায়বিচারের পরিপন্থী।

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রাথমিকভাবে কাজি মোহাম্মদ সালাউদ্দিনকে প্রার্থী ঘোষণা করলেও পরে তার পরিবর্তে আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেয় দলটি।

Link copied!