সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির, ইসিতে আবেদন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৩:৫০ পিএম

সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির, ইসিতে আবেদন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আগামী ৯ ফেব্রুয়ারি (সোমবার) রাত ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভাষণ সম্প্রচারের পরিকল্পনা গ্রহণ করেছে। ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোটকে কেন্দ্র করে জাতির উদ্দেশ্যে বার্তা প্রদান করা হবে।

দলটি মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারের অনুমতির জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আনুষ্ঠানিক আবেদন দাখিল করেছে।

আজ (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই এই ভাষণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলটি আশা করছে প্রধান নির্বাচন কমিশনার নির্ধারিত সময়ে ভাষণটি সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত অনুমোদন দেবেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের উদ্দেশ্যে গণভোটও অনুষ্ঠিত হবে। এই দ্বৈত নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Link copied!