বিএনপির চেয়ারম্যান তারেক রহমান | ছবি: বিএনপি মিডিয়া সেল
দীর্ঘ দুই দশক পর বরিশালে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ (বুধবার) দুপুর ১২টা ২৪ মিনিটে তিনি বরিশাল নগরীর বেলস্ পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভার মঞ্চে উপস্থিত হন। এ সময় তিনি জনসভাস্থলে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নাড়ে অভিবাদন জানান।
এর আগে সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লা আমান বক্তব্য দেন।
জনসভায় সভাপতিত্ব করছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার এবং বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহীন যৌথভাবে জনসভা সঞ্চালনা করছেন।
মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম), বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের ধানের শীষ প্রতীক প্রার্থী মজিবর রহমান সরোয়ার, উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ জোট প্রার্থী, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
দুপুর ১২টার দিকে তারেক রহমান হেলিকপ্টারে করে বরিশাল স্টেডিয়ামে যাবেন বলে কর্মসূচিতে জানানো হয়।
এদিকে নৌ ও সড়ক পথে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি ও ভোলা জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন। নারী নেতাকর্মীরা বিশেষভাবে মঞ্চের সামনের অংশে অবস্থান নেন। মাঠের চারপাশে বিশুদ্ধ পানির ব্যবস্থা ও মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন জানান, সকাল ১১টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টারে করে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন। তিনি দুপুর ১২টায় জনসভায় বক্তব্য দেবেন এবং দুপুর ১টায় হেলিকপ্টারে করে ফরিদপুরের উদ্দেশে যাত্রা করবেন।
উল্লেখ্য, ২০০১ সালে বরিশালের বেলস্ পার্ক মাঠে সর্বশেষ নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ ২৫ বছর পর একই মঞ্চে বক্তব্য দিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে ২০০৬ সালের ১৪ মে তিনি বরিশালে তৃণমূল বিএনপির এক কর্মীসভায় অংশ নিয়েছিলেন।