ছবি: সংগৃহীত
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে। নির্বাচন উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি পাওয়ায় ভোট দেওয়া ও ছুটি কাটানোর উদ্দেশ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। ফলে ফাঁকা হয়ে যাচ্ছে ঢাকা, কমেছে চিরচেনা যানজট ও ব্যস্ততা।
আজ (মঙ্গলবার) সকাল থেকেই ব্যাগ নিয়ে মানুষকে ঢাকা ছাড়তে দেখা যায়। কমলাপুর রেলস্টেশন, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। স্টেশন ও টার্মিনালগুলোতে ছিল ব্যস্ততা, তবে রাজধানীর সড়কে গণপরিবহনের সংখ্যা ছিল তুলনামূলকভাবে খুবই কম।
কমলাপুর রেলস্টেশনে ট্রেনের টিকিট কাটতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেক ভোটার দুই থেকে তিন দিনের ছুটি নিয়ে পরিবার-পরিজনসহ গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন।
যাত্রীরা জানান, দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় ভোগান্তি সত্ত্বেও তারা বাড়তি কষ্ট মেনে নিচ্ছেন।
অন্যদিকে, রাজধানীতে গণপরিবহন সংকটে বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ। মঙ্গলবার সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়া বেসরকারি চাকরিজীবী সাদিফ অভি বলেন, সড়কে গণপরিবহন প্রায় নেই বললেই চলে। বাসস্ট্যান্ডে মানুষের ভিড় থাকলেও দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে এক-দুটি বাস এলেও সেগুলোতে ওঠা বেশ কষ্টকর।
এদিকে ঢাকা-আরিচা, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীদের চাপ বেড়েছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস না পেয়ে অনেক যাত্রীকে ট্রাকে করে গন্তব্যে যেতে হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেছেন তারা।
নির্বাচন উপলক্ষে সরকারের ঘোষিত ছুটিও এই যাত্রাকে আরও ত্বরান্বিত করেছে। আজ থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছে, যা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।