ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৫:১৪ পিএম
ঢাকা–১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। তাঁর প্রার্থিতা বাতিল চেয়ে এই আবেদন করেছেন একই আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ।
সোমবার দায়ের করা রিটে অভিযোগ করা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা বাংলাদেশের আইন অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বাধা। আবেদনে বলা হয়, ২০২৫ সালের ২০ এপ্রিল সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নাহিদ ইসলাম ডোমিনিকার নাগরিকত্ব নেন এবং নির্বাচনী হলফনামায় এ তথ্য গোপন করেন।
রিটে আরও উল্লেখ করা হয়, সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব থাকা অবস্থায় জাতীয় সংসদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই। তাই তাঁর মনোনয়ন অবৈধ ঘোষণা করে প্রার্থিতা বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
তবে অভিযোগটি সরাসরি অস্বীকার করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দ্বৈত নাগরিকত্বের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। তাঁর ভাষ্য অনুযায়ী, তাঁর নামে ভুয়া কার্ড বা নথি তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি কখনো ডোমিনিকার নাগরিকত্ব নেননি, এমনকি ওই দেশেও কখনো যাননি বলেও দাবি করেন তিনি।
এদিকে, এই রিটকে কেন্দ্র করে ঢাকা–১১ আসনের নির্বাচনী মাঠে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে হাইকোর্টের সিদ্ধান্তের দিকেই এখন নজর রাজনৈতিক মহল ও ভোটারদের।