এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান

বাসস

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১২:০০ এএম

এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এবারের নির্বাচন বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের একটি ঐতিহাসিক সুযোগ।’

তিনি বলেছেন, ‘গত ১৬ বছর ধরে জনগণের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল, কিন্তু বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে সেই অধিকার আবার ফিরে এসেছে। কোনোভাবেই এই সুযোগ বৃথা যেতে দেয়া যাবে না।’

আজ রোববার রাতে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, ‍‍`নির্বাচন মানে কেবল একটি ভোট নয়, নির্বাচন মানে নিজের মত প্রকাশের স্বাধীনতা, নিজের রাজনৈতিক অধিকার প্রয়োগ করা। তিনি বলেন, গত ১৬ বছরে দেশে তথাকথিত নির্বাচন হয়েছে, কিন্তু জনগণ ভোট দিতে পারেনি। এবার জনগণ নির্ভয়ে তাদের মত প্রকাশ করতে পারবে।‍‍`

তিনি বলেন, ‍‍`এই সুযোগ তৈরি করতে গিয়ে গত ১৬ বছরে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন, গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় স্বৈরাচার ক্ষমতা ধরে রাখতে গিয়ে প্রায় ১ হাজার ৪শ মানুষকে হত্যা করে, হাজারের বেশি মানুষ আহত হয় এবং অনেকে চিরতরে দৃষ্টিশক্তি হারান।

জনসভায় উপস্থিত জুলাই শহীদদের পরিবার ও আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যান বলেন, ‍‍`১৯৭১ সালে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আর ২০২৪ সালের জুলাই যোদ্ধারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। তাদের এই আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেয়া যাবে না।‍‍`

এবারের নির্বাচনকে অর্থবহ করতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‍‍`১২ তারিখের নির্বাচনে শুধু ভোটাধিকার প্রয়োগ করলেই চলবে না, এই ভোটকে অর্থবহ করতে হবে। গত ১৬ বছরে দেশের নামে মেগা প্রকল্প হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, এলাকার উন্নয়ন হয়নি। যদি উন্নয়ন হতো, তাহলে আজ ঢাকা-১৩ আসনের মানুষের সমস্যাগুলো থাকত না।‍‍`

তিনি বলেন, ‍‍`এই বাস্তবতা প্রমাণ করে যে গত ১৬ বছরে শুধু দুর্নীতির জন্য প্রকল্প নেয়া হয়েছে। জনগণের কল্যাণ হয়নি। তাই এই নির্বাচনের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি শুরু করতে হবে।‍‍`

বিএনপি চেয়ারম্যান বলেন, ‍‍`বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি রাজনৈতিক দল হিসেবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করেছে। রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে জনগণের কোনো উপকার হবে না। দরকার হচ্ছে কর্মসূচি, পরিকল্পনা ও বাস্তবায়ন।‍‍`

তিনি বলেন, ‍‍`বিএনপি সরকার গঠন করতে পারলে মানুষের পক্ষে সম্ভব—এমন কাজই করা হবে। অসম্ভব প্রতিশ্রুতি দেয়া হবে না। তিনি উল্লেখ করেন, দেশের প্রায় ২০ কোটি জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের উন্নয়নের রাজনীতির সঙ্গে যুক্ত না করলে দেশের উন্নয়ন সম্ভব নয়।‍‍`

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তারেক রহমান বলেন, ‍‍`দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষা বিস্তারে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আজ দেশের নারীরা শিক্ষিত হয়েছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে প্রতিটি খেটে খাওয়া পরিবারের গৃহিণীর কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। এই কার্ডের মাধ্যমে পরিবারগুলো মাসিক সহায়তা পাবে এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে।‍‍`

তিনি বলেন, পরিবার স্বাবলম্বী হলে গ্রাম, উপজেলা, জেলা ও দেশ স্বাবলম্বী হবে।

কৃষি খাত প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‍‍`বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত করতে বিএনপি সরকার গঠন করলে ‘কৃষক কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক সরবরাহ করা হবে। এছাড়া ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার উদ্যোগ নেয়া হবে।‍‍`

বিএনপি চেয়ারম্যান বলেন, ‍‍`দেশের আরেকটি বড় সমস্যা হচ্ছে শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের অভাব। বিএনপি সরকার গঠন করলে তরুণদের ভোকেশনাল, আইটি ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে। এতে তারা দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে।‍‍`

তিনি বলেন, ‍‍`বিদেশে যেতে গিয়ে অনেককে জমি-ঘর বিক্রি করতে হয়। বিএনপি সরকার গঠন করলে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের জন্য স্বল্পসুদে ক্ষুদ্রঋণের ব্যবস্থা করা হবে, যাতে তারা সম্মানের সঙ্গে বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিতে পারে।‍‍`

স্বাস্থ্যখাত প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‍‍`জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তারা ঘরে বসেই মা, শিশু ও অসুস্থ মানুষদের প্রাথমিক চিকিৎসা সেবা দেবেন।‍‍`

আইনশৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, ‍‍`মানুষের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো পরিকল্পনার সুফল পাওয়া যাবে না। বিএনপি সরকার গঠন করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে, যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে।‍‍`

ঢাকা শহরের জলাবদ্ধতা সমস্যার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‍‍`বিএনপি সরকার গঠনের পরপরই খাল পুনরুদ্ধার করে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু হবে। কেউ খাল দখল করে থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।‍‍`

এ সময় ববি হাজ্জাজের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তারেক রহমান বলেন, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ নির্বাচিত হলে এই এলাকার দীর্ঘদিনের বাসস্থান সমস্যাও সমাধান করা হবে। ‍‍`ধানের শীষে‍‍` ভোট দিয়ে ববি হাজ্জাজকে নির্বাচিত করুন।

তারেক রহমান বলেন, বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণ। জনগণের সমর্থন ছাড়া কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। তিনি ভোটারদের প্রতি ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ‘কথা একটাই, কাজ একটাই—সবার আগে বাংলাদেশ।’

facebook sharing buttonmessenger sharing buttontwitter sharing buttonwhatsapp sharing button

Link copied!