ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০১:১৮ পিএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান | ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সব সময় বলতেন—বাংলাদেশ ছাড়া তার আর কোনো ঠিকানা নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মীও বিশ্বাস করে, বাংলাদেশই তাদের প্রথম এবং শেষ ঠিকানা। এ বিশ্বাস থেকেই বিএনপি জনগণের সামনে দাঁড়িয়েছে এবং জনগণের শক্তিতে দেশ পুনর্গঠন করতে চায়।
আজ (শনিবার) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে মানুষ তাদের কেড়ে নেওয়া অধিকার প্রয়োগ করবে। এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের নয়, দেশ পুনর্গঠনেরও নির্বাচন।
নারীদের প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, নারীকে কর্মের সঙ্গে সম্পৃক্ত না করলে দেশ এগিয়ে যাবে না। খালেদা জিয়া বিনামূল্যে নারীদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমরা নারীদের স্বাবলম্বী করতে চাই। প্রত্যেক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই।
কৃষকদের বিষয়ে তিনি জানান, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে সহজে ঋণ পাওয়া যাবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। পাশাপাশি এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণের বোঝা লাঘবে সরকারের পক্ষ থেকে সেই ঋণ পরিশোধের উদ্যোগ নেওয়া হবে।
তারেক রহমান বলেন, ঠাকুরগাঁও অঞ্চল কৃষিনির্ভর হওয়ায় কৃষকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিকে পরিণত করার কথাও জানান তিনি।
এ সময় তিনি জনগণের বিভিন্ন দাবির কথাও তুলে ধরেন। তারেক রহমান জানান, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চিনিকল ও তাঁতশিল্প গড়ে তোলা হবে। ক্যাডেট কলেজ স্থাপন, হিমাগার নির্মাণ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
নির্বাচনী রাজনীতি প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, জনসভায় এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বললে জনগণের কোনো লাভ হয় না। জনগণ জানতে চায়, কে তাদের জন্য কী করবে। সে কারণেই বিএনপি জনগণের সামনে তাদের পরিকল্পনা তুলে ধরছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের অভ্যুত্থানের মাধ্যমে দেশকে রক্ষা করা হয়েছে, এখন দেশকে এগিয়ে নেওয়ার সময়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যেমন ধর্মের ভিত্তিতে বিভাজন ছিল না, ২০২৪ সালেও তা ছিল না। বাংলাদেশে সব ধর্মের মানুষ হাজার বছর ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করেছে এবং ভবিষ্যতেও করবে।
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে যত দ্রুত সম্ভব ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা হবে।