পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১২:১১ পিএম

পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের ওপর পুলিশের যে তাণ্ডব ঘটেছে, তা আগামী নির্বাচনের ক্ষেত্রে ষড়যন্ত্রের আভাস বহন করছে।

আজ (শনিবার) সকালে ফেনী-২ আসনে ১১ দলীয় জামায়াত সমর্থিত জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুর সমর্থনে ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার উদ্যোগে একটি সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালিটি ফেনী সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে মঞ্জু বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উচিত ছিল সহনশীল হওয়া। পুলিশের মধ্যে যে ধরনের আচরণ, ক্ষোভ ও হিংসাত্মক মনোভাব দেখা গেছে, তা দেখে মনে হচ্ছে এই ঘটনা উদ্দেশ্যমূলকভাবে সংঘটিত হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনার পেছনে একটি রহস্যও থাকতে পারে। সারা বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে একটি বার্তা দেওয়ার চেষ্টা হতে পারে। আমাদের প্রশাসন ও পুলিশ একদিকে ঝুঁকে পড়ছে, এবং এ ধরনের আচরণ তাদের মধ্যে প্রকাশ পেয়েছে। এই লক্ষণগুলো দেখে আমরা আরেকটি মহাবিপ্লবের সম্ভাবনাও দেখতে পাচ্ছি।

Link copied!