জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০২:২৭ পিএম

জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী এবং তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। তারা দেশটাকে পেছন দিকে নিয়ে যেতে চায়।’

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের এই প্রার্থী আরও বলেন, ‘দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। বিএনপি সব দলকে নিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ চায় এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনি এলাকায় জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘জামায়াত নারীদের কাজ করতে দিতে দিতে চায় না; তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে। গার্মেন্টসের শ্রমিকদের নাকি পাঁচ ঘণ্টা কাজ করে ঘরে বসে রাখা হবে।’

তিনি এ প্রসঙ্গে বলেন, ‘যদি ঘরে বসে থাকে তবে খাবে কী? কোনও সরকার ঘরে বসিয়ে খাওয়াবে না। এসব মিথ্যা আশ্বাস।’

এ সময় জামায়াত আমিরের সাম্প্রতিক এক ‘‘এক্স’’ (সাবেক টুইটার) পোস্টের বিষয়ে তিনি বলেন, ‘আমির যদি নারীবিদ্বেষী এমন মন্তব্য করে থাকেন, তবে তিনি অন্যায় করেছেন। বাংলাদেশে নারী পুরুষ সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এবং পৃথিবীকে এগিয়ে নেবে।’

ফখরুল বলেন, ‘নারীরা এ দেশে সংখ্যার হিসেবে পুরুষের চেয়ে বেশি। তারা সম্পূর্ণ সমান অধিকার পাবে, সম্মান পাবে- যা জামায়াতে ইসলামী চায় না।’

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘জামায়াত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে।’ তবে তিনি সবাইকে নির্ভয় ও সাহসের সঙ্গে নির্বাচনে অংশ নিতে আহ্বান জানান।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দেশ এখন আপনাদের হাতে, তাই সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না।’

Link copied!