যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করে দিলাম: জামায়াত আমির

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:১৮ পিএম

যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করে দিলাম: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে মিথ্যাচার করার অভিযোগে জড়িতদের ক্ষমা করে দেওয়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ (বৃহস্পতিবার) সকালে নওগাঁয় ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। জনসভায় বক্তব্য দিতে গিয়ে জামায়াত আমির অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গত পাঁচ দিন ধরে ধারাবাহিকভাবে মিসাইল মারা হচ্ছে আমার ওপর। এটা সম্পূর্ণ মিথ্যা। আইডি হ্যাক করে পরিবারতন্ত্র যারা কায়েম করতে চায় তারা এটা করেছে। এরইমধ্যে অভিযুক্ত ধরা খেয়েছে।’ তিনি আরও বলেন, যারা জনগণের সরকার চায় না এবং দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারাই এক্স অ্যাকাউন্ট হ্যাক করে মিথ্যাচারে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, ‘যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম।’

জনসভায় নওগাঁবাসীর উদ্দেশে বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির। তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে নওগাঁ শহরের রাস্তাগুলো ফোর ল্যান করবো। মানসম্মত মেডিকেল করবো। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। আম ও লিচু প্রোসেসিং কারখানা স্থাপন ও বিদেশে রফতানির ব্যবস্থা নেয়া হবে।’

অতীতের উন্নয়ন প্রকল্পের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘অতীতে ম্যাগা প্রকল্পের নামে ম্যাগা দুর্নীতি হয়েছে। এই টাকার মালিক জনগণ। আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুণ্ঠন করতে দিবো না। মুখে হাত ভরে দিয়ে বের করে নিয়ে আসবো।’

শিক্ষা ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রীদের মাস্টার্স পর্যন্ত লেখাপড়া ফ্রি করা হবে। পাশাপাশি যুবকদের কর্মসংস্থানের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘যুবকরা বেকার ভাতা চায় না। যুবকদের হাতগুলো আমরা কাজ দিয়ে ভরে দিবো।’

Link copied!